ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেশে ফিরতে শতাধিক বাংলাদেশির সীমান্তে ভিড়, শুভেন্দুর বার্তা— জলদি ভাগো

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী বিজেপি সরকার অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করে রাখার জন্য রাজ্যটির জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির ঘোষণা দিয়েছে। এরপরেই বাংলাদেশ-ভারত সীমান্তে হাকিমপুর চেকপোস্টের কাছে গত মঙ্গলবার (২৬ মে) শত শত ‘নথিহীন বাংলাদেশি’ জড়ো হয়েছেন। তাদের মধ্যে আতঙ্ক-উদ্বেগ দেখা দিয়েছে। তারা সীমান্ত পার হওয়ার চেষ্টা করছেন। বুধবার (২৭ মে) অনলাইন টেলিগ্রাফের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, গত সোমবার (২৫ মে) গভীর রাত থেকে নারী, পুরুষ ও শিশুরা ব্যাগ, কম্বল ও ট্রলি নিয়ে হাকিমপুর সীমান্ত চৌকিতে আসতে শুরু করে। তাদের আশা, গ্রেপ্তার হওয়ার আগেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সীমান্তের ওপারে ফেরত পাঠিয়ে দেবে।
প্রায় পাঁচ বছর ধরে বৈধ কাগজপত্র ছাড়াই পরিবার নিয়ে রাজ্যটির দুর্গানগরে বসবাস করছিলেন রবি সর্দার। তিনি বলেন, বাংলায় সরকার বদলে গেছে। হয়রানি বা আটক হওয়ার আগেই আমরা বাংলাদেশে ফিরে অস্তিত্ব রক্ষার জন্য নতুন করে সংগ্রাম শুরুর সিদ্ধান্ত নিয়েছি।
টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে, পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে যে রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন ঘটেছে, হাকিমপুরের দৃশ্য তারই অন্যতম স্পষ্ট নিদর্শন।
গত মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠকের পর বক্তব্য রাখার সময় শুভেন্দু কূটনৈতিক ভাষা ব্যবহার না করে সরাসরি বলেছে, জলদি জলদি ভাগো, অন্যথায় সরকার যা প্রয়োজন তা করবে। এ সময় এ হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী জানায়, কেন আমরা আমাদের খাবার, বাড়ি এবং সম্পদ বিদেশিদের সঙ্গে ভাগ করব?
তথ্যসূত্র:
1. Rush at Bangladesh border as BJP-led Bengal’s ‘detect, delete, deport’ policy takes hold
– https://tinyurl.com/ysxyf56c
2. Suvendu Adhikari Calls For Fast Deportation Of Alleged Illegal Bangladeshi Infiltrators In Bengal
– https://tinyurl.com/2txumkwa