Announcement

Collapse
No announcement yet.

আপনি কি গুনাহ ছাড়তে পারছেন না?

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আপনি কি গুনাহ ছাড়তে পারছেন না?

    نحمده ونصلي علي رسوله الكريم،اما بعد
    ​.
    আপনি কি তাওবা করার পরও বারবার শয়তানের ফাঁদে পড়ে যান?গুনাহ আর করবেন না বলে প্রতিজ্ঞা করেও পুনরায় গুনাহে জড়িয়ে পড়েন?মনের সব জোর একত্রিত করেও গুনাহ থেকে বেরিয়ে আসতে পারছেন না?
    .
    আমার ভাই!
    এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই! আমার কথাগুলো মন দিয়ে শুনুন। মুমিনের পুরো জীবনটাই একটি যুদ্ধ। এক অন্তহীন লড়াই। এ লড়াই কুপ্রবৃত্তির বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে।
    .
    ইমাম ইবনুল কায়্যিম রহিমাহুল্লাহ তাঁর কালজয়ী রচনা 'উদ্দাতুস সবিরীন' গ্রন্থে বলেন,"বালেগ হওয়ার পর থেকে মুমিন ও শয়তানের মাঝে বেঁধে যায় এক ভয়াবহ লড়াই। মুমিন তার আকল,ইলম,সবর ইত্যাদির মতো হাতিয়ার গুলো নিয়ে কুপ্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে। শয়তানও তার দলবল নিয়ে মুমিনের ওপর হামলা করে। কোনো ফায়সালা না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকে।"
    .
    প্রিয় ভাই ও বোন!
    যতদিন আপনি এ পৃথিবীতে বেঁচে আছেন, এ লড়াই এক মূহুর্তের জন্যও থামবে না। এ যেন শয়তানের বিরুদ্ধে বিরামহীন কুস্তি যুদ্ধ। কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দেবে, আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে। আবার কখনো আপনি শয়তানকে শূন্যে তুলে মাটিতে আছাড় মারবেন। তার বুকে চেপে বসবেন। আপনি গুনাহ করেছেন এর অর্থ শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে। আপনাকে মাটিতে ছুড়ে ফেলেছে। আপনি কি মাটিতে শুয়ে থাকবেন? না, আপনি এক লাফে মাটি থেকে উঠে দাঁড়াবেন!গুনাহ করার পর আপনি খালিস দিলে আল্লাহর কাছে তাওবা করবেন। তাওবা করার অর্থ ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়িয়েই কি আপনি ক্ষান্ত হবেন? না, আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে নিজেকে গুছিয়ে নেবেন! যেই দূর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে, আপনি সেই দূর্বলতাটুকু কাটিয়ে উঠার চেষ্টা করবেন। শুধু এতটুকুই নয়! আপনি শয়তানকে পাল্টা আঘাত হানবেন। আপনি নেক আমল করবেন। নেক আমল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা,তাকে কুস্তিতে হারিয়ে দেয়া,তাকে মাটিতে আছাড় মারা।
    .
    এখানে আমি কুরআনের দুটি আয়াত আপনাকে শোনাতে চাই...
    إِلَّا ٱلَّذِينَ تَابُواْ وَأَصْلَحُواْ وَٱعْتَصَمُواْ بِٱللَّهِ وَأَخْلَصُواْ دِينَهُمْ لِلَّهِ فَأُوْلَـٰٓئِكَ مَعَ ٱلْمُؤْمِنِينَ‌ۖ وَسَوْفَ يُؤْتِ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا
    "যারা তাওবা করে, নিজেদের অবস্থা সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দ্বীনে একনিষ্ঠ থাকে, তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরুষ্কার দেবেন। [সূরা নিসা:১৪৬]
    এ আয়াত থেকে আমরা জানতে পারি, কেবল তাওবা করলে হবে না। বরং তাওবার পর নিজের অবস্থা সংশোধন করতে হবে এবং কুরআন সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে।
    .
    অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেন:
    إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
    " যারা তাওবা করে, ইমান আনে ও নেক আমল করে, আল্লাহ তায়ালা এমন লোকদের গুনাহ সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।" [সূরা ফুরকান:৭০]
    এ আয়াত থেকে আমরা জানতে পারি, কেবল তাওবা করে নিজের অবস্থা সংশোধন করে ক্ষান্ত হওয়া যাবে না। বরং এরপরে নেক আমল করতে হবে। শয়তানের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে হবে, তাকে নেক আমলের আঘাতে দূর্বল করে ফেলতে হবে।
    .
    প্রিয় ভাই ও বোন! সবসময় মনে রাখবেন, আপনি যুদ্ধের ময়দানে আছেন। শয়তানের কাছে একবার ধরাশায়ী হয়েছেন তো কি হয়েছে!? আবার উঠে দাঁড়ান,কোমর বাধুন,নিজেকে গুছিয়ে নিন,নিজের দূর্বলতা গুলো কাটিয়ে উঠুন! তারপর শয়তানকে পাল্টা হামলা করুন। শয়তানকে মাথার ওপর তুলে আছাড় মারুন। তাওবা হলো আপনার ঘুরে দাঁড়ানো আর নেক আমল হলো আপনার পাল্টা আঘাত। তাই তো কুরআনে বহুবার তাওবার পর নেক আমলের কথা এসেছে..
    مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا
    "যে তাওবা করে, ইমান আনে ও নেক আমল করে।'
    .
    প্রিয় ভাই, শয়তানের কাছে যদি আপনি বারবার পরাজিত হন,বারবার আছাড় খান—এতে লজ্জিত হওয়ার কিছু নেই। নিরাশ হওয়ারও কিছু নেই। আপনি বারবার ঘুরে দাঁড়ান! আরো বেশি উদ্যম, আরো বেশি সাহস নিয়ে শয়তানের মুখোমুখি হোন!
    আসলে ভাই, মুমিনের জীবনটাই এমন! কখনো আপনি শয়তানকে হারাবেন। কখনো শয়তান আপনাকে হারাবে। এই মল্লযুদ্ধ মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে। যতক্ষণ তাওবার হাতিয়ার আপনার হাতে আছে, আপনার নিরাশ হওয়ার কিছু নেই।
    .
    কিন্তু সাবধান! খুব সাবধান!!
    কখনো যেন এটি ভেবে নিরাশ হয়ে না বসেন যে,এই গুনাহ থেকে কখনো আমি বের হতে পারবো না। না ভাই, এরকম কখনোই ভাববেন না! তাওবার পর বারবার আপনি শয়তানের ফাঁদে পড়ে গেলেও,আপনি হতাশ হবেন না। আপনি শয়তানের হাতে বারবার হারবেন– এই বাস্তবতা আপনি মেনে নিন এবং শয়তানের মোকাবিলায় তাওবা এবং নেক আমলের হাতিয়ার নিয়ে ঝাপিয়ে পড়ুন। সে যদি এককোটি বারও আপনাকে মাটিতে ফেলে দেয়,এককোটি বারও গুনাহে লিপ্ত করে.. আপনি এক হাজার কোটি বার তাওবা করবেন।এক হাজার কোটি বার আপনি ঘুরে দাঁড়াবেন।
    .
    মুষ্টিবদ্ধ হাতে আজ এই শপথ করুন,কোনো গুনাহ হয়ে গেলে, দীপ্ত কন্ঠে ঘোষণা করুন,'হে পাপিষ্ঠ দুরাচার শয়তান! তুই যদি আমাকে এক হাজার কোটি বারও গুনাহে লিপ্ত করাস, আপনি এক লক্ষ কোটি বার তাওবা করবো! কোটি কোটি নেক আমলে আমার আমলনামা ভরে তুলবো।আমি কখনো তোর সামনে পরাজয় স্বীকার করবো না।আমি কখনো তাওবা ও নেক আমলের অস্ত্র ত্যাগ করবো না।তোর চক্রান্ত-বাধাকে পদদলিত করে আমি অবশ্যই আমার রবের সঙ্গে জান্নাতে মিলিত হবো ইনশাআল্লাহ।'
    .
    প্রিয় ভাই, কেবল ফরজ আদায় করে বসে থাকবেন না। কিছু কিছু নফলও আদায় করুন।যে নফল আদায় করে,শয়তান তাকে সহজে ফরজের ব্যাপারে গাফিল করতে পারে না। মনে রাখবেন, আপনার একেকটি নেক আমল শয়তানের গালে একেকটি চপেটাঘাত। তাই সবসময় আপনার যবানে যিকির জারি রাখুন। শয়তানের গালে একের পর এক চড় কষতে থাকুন। সে আপনার মনে কুমন্ত্রণা দেয়ার সুযোগ পাবে না। একটু অবসর পেলেই কুরআন তিলাওয়াত করুন। কিয়ামুল লাইল ও অন্যান্য নফল সালাতেও নিয়মিত হওয়ার চেষ্টা করুন।ধারাবাহিক আমল করলে ইনশাআল্লাহ শয়তান দূর্বল হতে থাকবে। একসময় আপনার কাছে ঘেষতেও ভয় পাবে।
    .
    প্রিয় ভাই ও বোন! গাফলতির সময় আর নেই। আবার জেগে ওঠুন নতুন উদ্যমে।ফেলে আসা দিনগুলোর সব পাপ-পঙ্কিলতা তাওবার অশ্রুতে ধুয়ে মুছে সাফ করে ফেলুন। আসুন, নতুন করে শুরু হোক শয়তানের বিরুদ্ধে অনন্ত এক যুদ্ধ! হাতে তুলে নিন তাওবা ও নেক আমলের অস্ত্র। যতই শয়তান আপনাকে গুনাহের ফাঁদে ফেলুক,ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত তার কাছে হার মানবেন না।
    কোনো একদিন আপনার খালিস তাওবা, নির্জন রাতে আপনার ফুপিয়ে কান্নার চাপা শব্দ, আপনার কোনো দিল আকুল করা রোনাজারি হয়তো আপনার রবের রহমের সাগরে ঢেউ তুলবে। আর তিনি নিজেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন সুখময় জান্নাতের সবুজ উদ্যানে।
    .
    গুনাহের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধরত প্রতিটি মুমিন ভাই-বোনকে একটি আয়াত স্মরণ করিয়ে দিয়ে শেষ করছি..
    وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا..
    "আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে,আমি অবশ্যই এদেরকে আমার পথে পরিচালিত করব।' [সূরা আনকাবুত:৬৯]
    ​.

    [শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহর আলোচনার শ্রুতিলিখন]
Working...
X