প্রিয় পাঠক, আজকের মুজাকারায় আমরা জানব যে, আল্লাহ তায়ালার ভালোবাসা অর্জন হয় কিভাবে?
১. রাসূল ﷺ-এর অনুসরণ
আল্লাহ তায়ালা বলেন—
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ
হে নবী! আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তায়ালাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন। (সূরা আলে ইমরান: ৩১)
এখানে নবীজী ﷺ-এর অনুসরণ মানে—নববী জীবনের সমস্ত সামগ্রিকতা ও পূর্ণতা সহ সমস্ত কিছুরই অনুসরণ। নববী জীবনের তাহাজ্জুদ, সিয়াম-কিয়াম, রোনাজারি-মোনাজাত, জিকির ও তিলাওয়াত, হিজরত ও জিহাদ, দ্বীন কায়েমের প্রচেষ্টা, সবর ও ইবতিলা সহ যাবতীয় বিষয়ের অনুসরণ।
অনুসরণে যত বেশি সামগ্রিকতা, পূর্ণাঙ্গতা, নিষ্ঠা ও অকৃত্রিমতা থাকবে, তিনি আল্লাহ তায়ালার ভালোবাসা লাভে তত বেশি ধন্য হবেন ইনশাআল্লাহ।
মূলত নবীজী ﷺ-এর অনুসরণে ঈমানের উপর অটল থাকা এবং আমালে সালেহ করতে থাকার মধ্য দিয়ে আল্লাহ তায়ালার ভালোবাসা অর্জিত হয়।
আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন—
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا
নিশ্চয় যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে অতিঅবশ্যই রহমান তাদেরকে ভালোবাসা দান করবেন।
(সূরা মারইয়াম: ৯৬)
২. আল্লাহর কাছে দোয়া করা
আল্লাহর কাছে দোয়া করা যেন আমরা তাঁকে ভালোবাসতে পারি এবং তাঁর ভালোবাসা লাভ করতে পারি।
আমরা জানি, নবীজী ﷺ এ জন্য দোয়া করতেন।
নবীজী ﷺ-এর দোয়া থেকে আমরা শিক্ষা পাই—আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহকে যারা ভালোবাসেন তাদেরকেও ভালোবাসতে হবে, আর যেসব আমল আল্লাহর ভালোবাসার নিকটবর্তী করে সেসব আমলকে ভালোবাসতে হবে এবং আমল করতে হবে।
৩. কুরআন ও হাদীসে বর্ণিত প্রিয় আমলগুলো পালন করা
কুরআন ও হাদীসে এমন অনেক নুসুস আছে যেখানে এসেছে যে আল্লাহ তায়ালা অমুক কাজকে ভালোবাসেন বা অমুক বৈশিষ্ট্যের লোকদেরকে ভালোবাসেন।
যেমন—
আল্লাহ তাআলা মুজাহিদদের সম্পর্কে বলেন—
إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَّرْصُوصٌ
নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধ হয়ে কিতাল করে, যেন তারা সীসাঢালা প্রাচীর।
(সূরা সফ: ৪)
আল্লাহ তাআলা সবরকারীদের সম্পর্কে বলেন—
وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ
আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। (সূরা আলে ইমরান: ১৪৬)
আল্লাহ তাআলা মুহসিনদের সম্পর্কে বলেন—
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
আল্লাহ মুহসিন (সৎকর্মশীল/ইহসানকারীদের) ভালোবাসেন। (সূরা বাকারা: ১৯৫)
সুতরাং কুরআন-হাদীসে তাদাব্বুর করে খুঁজে খুঁজে এসব আমল করা, এসব গুণ-বৈশিষ্ট্য অর্জনের চেষ্টা করা। আর যেসব আমল আল্লাহ অপছন্দ করেন সেগুলো বর্জন করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাওফিক দান করেন। আমরা যদিও যোগ্য নই, তবুও তিনি যেন নিজ অনুগ্রহে আমাদেরকে তাঁর ভালোবাসা দিয়ে ধন্য করেন এবং তাঁর ঘৃণা ও ক্রোধ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমীন ইয়া রব্বাল আলামীন।
৪. আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করা
আল্লাহওয়ালাদের সোহবতে থেকে তাদের থেকে শেখার মাধ্যমে আল্লাহর ভালোবাসার পথে অগ্রসর হওয়া যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাঁর ভালোবাসা দিয়ে ধন্য করুন। আমীন
Comment