উখিয়ায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেন উদ্বোধনের আগেই ধসে পড়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলা সদর বাজারে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি ড্রেন উদ্বোধনের আগেই ধসে পড়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কক্সবাজারের অর্থায়নে নির্মিত ২৪০ ফুট দীর্ঘ ড্রেনটি সম্প্রতি মাত্র ৩০ মিনিটের বৃষ্টিতেই হেলে পড়ে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের বরাতে দৈনিক আমার দেশ জানায়, শুরু থেকেই নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করে রড ছাড়া ঢালাই ও ওয়াল নির্মাণ করায় ড্রেনটি ধসে পড়েছে। নির্মাণকাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজ, যার মালিক শাহাব উদ্দিন চৌধুরী।
এদিকে পুরো নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিল সড়ক ও জনপথ অধিদপ্তর, কক্সবাজার। তবে স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির পরও কীভাবে এমন অনিয়ম ও দুর্নীতি চোখ এড়িয়ে গেল।
উখিয়া বাজারের এক ব্যবসায়ী বলেন, কাজের শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের দেয়াল হেলে পড়েছে। এতে জনগণের টাকার অপচয় হয়েছে। নির্মাণকাজের গুণগত মান তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, সরকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদার ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে নিম্নমানের কাজ হচ্ছে। উদ্বোধনের আগেই ড্রেন ধসে পড়া অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করছি।
তথ্যসূত্র:
১। উখিয়ায় নিম্নমানের কাজে ধসে পড়ল সওজের ড্রেন
– https://tinyurl.com/3b7v5njr



Comment