পশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদিবদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলি দখলদারদের হামলা রেকর্ড মাত্রায় বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলতি বছরে প্রতিদিন গড়ে ছয়টি হামলার ঘটনা ঘটছে, যা অতীতের যেকোনো বছরের তুলনায় অনেক বেশি। এসব হামলায় হতাহত হওয়ার পাশাপাশি ব্যাপক সম্পদহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এক হাজারেরও বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার প্রভাব পড়েছে ২৩০টিরও বেশি ফিলিস্তিনি জনপদে। সহিংসতা, চলাচলে বিধিনিষেধ এবং অন্যান্য বাধার কারণে এ বছর ইতোমধ্যে ২,২০০-এর বেশি ফিলিস্তিনি নিজ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষের বাড়িঘর ধ্বংস অভিযানের ফলে আরও শত শত পরিবার বাস্তুচ্যুত হয়েছে।
শুধু গত সপ্তাহেই দখলদারদের হামলায় ৩০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। একই সঙ্গে বহু ঘরবাড়ি, জনসেবামূলক অবকাঠামো এবং মানুষের জীবিকার উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত হলেও সন্ত্রাসী ইসরায়েল সেখানে বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর পশ্চিম তীরেও দখলদারিত্বমূলক পদক্ষেপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাড়িঘর ধ্বংস, জোরপূর্বক উচ্ছেদ এবং নতুন বসতি স্থাপনের কার্যক্রম আরও তীব্র হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতিতে প্রায় পাঁচ লাখ ইসরায়েলি বসবাস করছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি ভূমিতে নির্মিত বসতিগুলোতে আরও প্রায় আড়াই লাখ ইসরায়েলি অবস্থান করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও দখলদারদের হামলায় অন্তত ১,১৬৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, ১২ হাজার ৬০০-এর বেশি আহত হয়েছেন এবং প্রায় ২৩ হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।
অন্যদিকে, গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে স্থাপিত সব অবৈধ বসতি অপসারণের আহ্বান জানায়।
তথ্যসূত্র
1. Israeli occupier attacks on Palestinians in West Bank ‘higher than any year on record’: UN
– https://tinyurl.com/msejcrfh


Comment