ফিলিস্তিনিদের পানির উৎস দখল করে সুইমিং পুল বানাচ্ছে দুর্বৃত্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

গ্রীষ্মের তীব্র তাপদাহের দিনে ফিলিস্তিনিদের ফসলি জমিতে সেচের জন্য ব্যবহৃত পানি অন্যদিকে সরিয়ে সুইমিং পুল তৈরি করে, সেই পুলে আনন্দে মেতে ওঠেছে দুর্বৃত্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অধিকৃত পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে এভাবে একের পর এক পানির উৎস দখল করে নিচ্ছে দখলদার ইহুদিরা।
উর্বর জর্দান উপত্যকার কাছে ফাসায়েল গ্রামের ফিলিস্তিনিদের জীবনযাত্রার অন্যতম প্রধান অবলম্বন ছিল ওই পানির ফোয়ারা। খাবার, কর্মসংস্থান ও বাড়িঘরের প্রয়োজন মেটাতে ইসরায়েলের অনিয়মিত পানি সরবরাহের ঘাটতি পূরণে বহু প্রজন্ম ধরে তারা এই পানির উৎসের ওপর নির্ভর করে আসছেন।
স্থানীয় কৃষক সাদ নেমার বলেন, ‘আমাদের পানি সরবরাহ বন্ধ রয়েছে। ফলে আমরা ঘরবাড়ি, জীবিকা এবং কৃষিজমির জন্য প্রয়োজনীয় পানি থেকে বঞ্চিত হচ্ছি।’
গত জুনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তার সেচের পাইপলাইন দখল করে নেয়। পরে সেই পানি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের প্রাচীন পুলে প্রবাহিত করা শুরু করে তারা। এরপর বসতি স্থাপনকারীরা জায়গাটিকে ইসরায়েলি পর্যটনকেন্দ্র হিসেবে প্রচার করতে থাকে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রীও সেখানে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়।
নেমার জানান, এখন পুলটির চারপাশে একটি বিনোদন পার্ক তৈরির কাজ চলছে।
পানির উৎস দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটছে। সম্প্রতি পশ্চিম তীরের কুসরা গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘর ঘেরাও করে রাখা কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে ফিলিস্তিনিদের বেশ কয়েকটি বাড়িঘর দখল এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংস আচরণের তীব্র নিন্দা জানানো হয়েছে।
বর্তমানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে ৫ লাখেরও বেশি ইসরায়েলি বাস করছে। জাতিসংঘ ও অধিকাংশ দেশ এসব বসতিকে অবৈধ মনে করলেও এসকল অবৈধ দখলকে উদ্ধার করে জমিগুলোর প্রকৃত মালিক ফিলিস্তিনিদের কাছে অর্পণের জন্য আজ পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেয়নি তারা।
ফিলিস্তিনি গবেষক ফারেস ফোকাহা অনুমান করেছেন, উত্তর জর্ডান উপত্যকার ৯৫ শতাংশ প্রাকৃতিক ঝরনার নিয়ন্ত্রণ এখন বসতি স্থাপনকারীদের হাতে চলে গেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পানিবিষয়ক কর্মকর্তা আদেল ইয়াসিন পরিস্থিতিটিকে ‘পানি যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি হচ্ছে ‘শব্দহীনভাবে ফিলিস্তিনিদের হত্যা করার একটি নীরব বুলেট।’
1. Israeli settlers divert Palestinian water to fill West Bank pool
– https://tinyurl.com/26ttvr5m




Comment