আফগানিস্তানের অংশগ্রহণে চীনে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘চীন-ইউরেশিয়া এক্সপো ২০২৬’

আন্তর্জাতিক বাজারে আফগান পণ্যের অবস্থান আরও শক্তিশালী করা এবং নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে চীনের উরুমকিতে অনুষ্ঠিত চীন-ইউরেশিয়া এক্সপো ২০২৬-এ অংশ নিয়েছে আফগানিস্তান। প্রদর্শনীতে ৩০টিরও বেশি স্টলে দেশটির জাফরান, কার্পেট, শুকনো ফল, মূল্যবান রত্নসহ নানা পণ্য প্রদর্শন করা হচ্ছে, যা রপ্তানি সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
২৫ জুন, বৃহস্পতিবার চীনের উরুমচি শহরে চীন–ইউরেশিয়া এক্সপো ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এই আঞ্চলিক বৃহত্তম বাণিজ্যিক আয়োজনে আফগানিস্তানের ব্যবসায়ীরাও অংশ নিয়েছেন। আফগান প্রতিনিধিরা এই আয়োজনকে দেশের উৎপাদন সক্ষমতা প্রচার ও রপ্তানি বাজার সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বর্ণনা করছেন।
ব্যবসায়ী মুহাম্মদ নাঈম পোপাল বলেন, “এই এক্সপো আফগানিস্তানের হস্তশিল্প, জাফরান ও শুকনো ফলের শিল্পের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। এর মাধ্যমে আমরা বিশ্বকে আফগানিস্তানের পণ্যের সম্ভাবনা দেখাতে পারবো”।
প্রদর্শনীতে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী শাহাবউদ্দিন সাকিব হাফিযাহুল্লাহ অংশগ্রহণ করছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের অংশগ্রহণের লক্ষ্য হলো চীনের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, দেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা।
অর্থনৈতিক বিশ্লেষক আব্দুল হাদি গজনিওয়াল আফগান প্রতিনিধিদলগুলোকে আহ্বান জানান যেন তারা পণ্যের প্রচারেই সীমাবদ্ধ না থেকে চীনা সরকারি কর্মকর্তা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তি স্থানান্তরের বিষয়েও কার্যকর আলোচনা করেন। উল্লেখ্য, চীন-ইউরেশিয়া এক্সপো অঞ্চলটির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী, যা প্রতি বছর উরুমকিতে অনুষ্ঠিত হয় এবং আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্যসূত্র
1. China–Eurasia Expo Opens with Afghan Participation
- https://tinyurl.com/4puxyvn2



Comment