প্রাথমিকে ফের যুক্ত হচ্ছে বিতর্কিত সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা বিষয়, নিয়োগ দেয়া হবে ৬০ হাজার শিক্ষক

বিভিন্ন ইসলামি সংগঠন ও আলেম-উলামাদের প্রতিবাদের মুখে অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সংগীত শিক্ষক নিয়োগের উদ্যোগটি পুনরায় কার্যকর করতে যাচ্ছে বর্তমান বিএনপি সরকার।
গণমাধ্যম সূত্রে জানা যায়, বিএনপি সরকার সরকারি প্রাথমিকে শুধুমাত্র গানের শিক্ষকই নয় বরং সাথে সংগীত, নৃত্যকলা, নাট্যকলা, চারুকলা ও ক্রীড়া বিষয় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ জন্য অন্তত ৬০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ জানায়, দেশে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণে ভবিষ্যতে বিপুলসংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী ৫ বছরে এ খাতে প্রায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
গত বুধবার (১০ জুন) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় প্রতিমন্ত্রী এসব কথা বলেছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা এ সভা আয়োজন করা হয়।
ববি হাজ্জাজ আরও জানায়, সরকারের নির্বাচনি ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে।
গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও জানায়, আমরা চাই সংগীত,নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে। এজন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির বিষয়েও এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব, দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের চেয়ারম্যানসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিল।
মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই ৪টি অধ্যায়ে চারু ও কারুকলা,সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে। আর ২০২৮ সালে নতুন কারিকুলামে বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।
তথ্যসূত্র:
১। প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক
– https://tinyurl.com/462mme5p




Comment