ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাতে চলতি বছরে গম উৎপাদন ৫০ শতাংশ বৃদ্ধি

ইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশে চলতি বছরে গম উৎপাদন গত বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করছেন স্থানীয় কর্মকর্তারা। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং ফসলের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় কৃষি খাতে এ ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।
হেরাত কৃষি ও প্রাণিসম্পদ চেম্বারের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রদেশটিতে গম উৎপাদন প্রায় ৬ লাখ মেট্রিক টনে পৌঁছাতে পারে।
হেরাত কৃষি ও প্রাণিসম্পদ চেম্বারের প্রধান বশির আহমদ বাহাদুরি বলেন, এ বছর কৃষির জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ বিরাজ করেছে। গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হওয়ায় বৃষ্টিনির্ভর ও সেচনির্ভর উভয় ধরনের গমের ক্ষেতই ভালো ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে।
এদিকে কৃষকরাও চলতি মৌসুমে গমের উৎপাদন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। হেরাতের ৭০ বছর বয়সী কৃষক খোদাইদাদ জানান, পর্যাপ্ত বৃষ্টি ও পানির প্রাপ্যতার কারণে এ বছর কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু গমই নয়, বাগান ও অন্যান্য কৃষিজমিতেও ভালো ফলন পাওয়া যাচ্ছে।
হেরাত কৃষি ও সেচ বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে প্রদেশজুড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। এর মধ্যে ১ লাখ হেক্টরেরও বেশি জমি বৃষ্টিনির্ভর কৃষিজমি।
কৃষি বিশেষজ্ঞদের মতে, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে হেরাতে প্রত্যাশিত গম উৎপাদন শুধু স্থানীয় খাদ্য নিরাপত্তাই জোরদার করবে না, বরং প্রদেশটির কৃষিভিত্তিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তথ্যসূত্র
1. Herat Wheat Harvest Expected to Rise 50 Percent This Year
– https://tinyurl.com/mt6ktxue

Comment